জাতীয়

সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের নির্দেশ

দেশব্যাপী জ্বালানি ব্যবস্থাপনায় তদারকি জোরদার করতে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এই দায়িত্বে কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সংশ্লিষ্ট পাম্পগুলোর জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে পাম্পগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং নিয়মিত প্রতিবেদন দাখিল করবেন।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন