নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার
জেন-জি আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর সেপ্টেম্বরের বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হওয়ার ঘটনায় তার ভূমিকা রয়েছে কি না—তা তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের এক নেতা মিন বাহাদুর শাহি জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে নিয়ে যায়। পুলিশের মুখপাত্র ওম অধিকারীও সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে ওই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করছিল। বিক্ষোভের শুরুতেই দমন-পীড়নে বহু তরুণ প্রাণ হারান।
সরকার-সমর্থিত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গুলি চালানোর সরাসরি নির্দেশের প্রমাণ মেলেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় হতাহতের ঘটনা বেড়েছে, যার মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখের নির্বাচনে জয়ী হয়ে বালেন্দ্র শাহ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার শপথ গ্রহণের একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেপ্তার করা হলো।
এমএ//