দেশজুড়ে

আবাসিক ভবন থেকে ১৮ হাজার লিটার জ্বালানি জব্দ

শেরপুর শহরের একটি আবাসিক বহুতল ভবনের নিচতলা থেকে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দ্রুত মজুদকৃত তেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচতলায় অবৈধভাবে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়। তবে পুরো স্থাপনায় প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একদিনের মধ্যে তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, আবাসিক এলাকায় এমন দাহ্য পদার্থ মজুত থাকায় তারা ঝুঁকির মধ্যে ছিলেন। প্রশাসনের এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন