হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশসহ মিত্র দেশগুলো একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ইরান সরকার জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ না রেখে বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে বাংলাদেশ, ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান ও ইরাকের মতো দেশগুলোর নাম রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে বলেছেন, “হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। এই পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ সম্পন্ন হয়। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”
আরাঘচি জানান, ইতিমধ্যেই ভারতের দুটি জাহাজ এই পথ দিয়ে পার হয়েছে এবং বাংলাদেশসহ অন্যান্য দেশও এই সুবিধা পাচ্ছে।
তিনি বলেন, “যুদ্ধ শেষ হওয়ার পরও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
তবে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জন্য পথ খোলা থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য তেহরান কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
আরাঘচি জানান, “এখন এই অঞ্চল যুদ্ধক্ষেত্র, তাই শত্রু এবং তাদের সহযোগীদের জন্য এই পথে চলাচলের অনুমতি নেই।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সংঘাত থামাতে চুক্তির জন্য মরিয়া হয়ে আছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিভিন্ন বন্ধু রাষ্ট্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব তারা পেলেও এই মুহূর্তে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা তাদের নেই।
এসি//