ভারতে বাস-লরি সংঘর্ষে পুড়ে অঙ্গার ১৩ যাত্রী
ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের আগেই মারকাপুরাম জেলার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ধরে গেলে বাসের যাত্রীরা বের হওয়ার সময় পাননি।
স্থানীয় পুলিশ ও প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন।
মারকাপুরাম জেলার ইনচার্জ কালেক্টর পি. রাজা বাবু জানান, ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১০ জনের জখম গুরুতর এবং ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের গুন্টুর জিজিএইচএ হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারকে জানাতে কাজ করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে। ধ্বংসাবশেষে তল্লাশি চলার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।