ইরান ইস্যুতে আর নীরব থাকবে না কাতার, জাতিসংঘে কঠোর বার্তা
ইরানের হামলার বিষয়ে আর চুপ থাকবে না বলে জাতিসংঘে স্পষ্ট বার্তা দিয়েছে কাতার। দেশটির প্রতিনিধি হিন্দ বিনতে আবদুল রহমান আল মুফতাহ জেনেভায় এ কথা জানান।
বুধবার (২৫ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, তিনি অভিযোগ করেন, ইরানের হামলা কাতারের ভৌগোলিক অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন ঘটিয়েছে।
কাতারের প্রতিনিধি বলেন, এসব হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক শান্তি ও মানবাধিকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, জ্বালানি স্থাপনা ও পানি শোধনাগারে হামলা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং মানুষের মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলছে।
হিন্দ আল মুফতাহ বলেন, হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতিও বড় উদ্বেগের বিষয়, যা বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।
তিনি জোর দিয়ে বলেন, যে রাষ্ট্র সংঘাতে জড়িত নয় এবং যার ভূখণ্ড যুদ্ধের কাজে ব্যবহার করা হয়নি, সেই রাষ্ট্রকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
কাতার শুরু থেকেই এই সংঘাত থেকে দূরে থাকার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, তবুও দেশটি ও আশপাশের রাষ্ট্রগুলো হামলার মুখে পড়ছে—এ অবস্থায় আর নীরব থাকা সম্ভব নয়।
প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু হয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।
এমএ//