ঈদের ভাড়া নিয়ে সরকার একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ঈদ যাত্রায় ভাড়া নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে এবং সরকারের মন্ত্রী বা সংশ্লিষ্ট বিভাগ একেক সময় একেকটা কথা বলায় জাতি হিসেবে আমরা লজ্জিত। জানি না তারা লজ্জিত বা অনুতপ্ত কিনা।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ঈদ আসে খুশির বার্তা নিয়ে। আর ঈদে নাড়ির টানে বাড়িতে ছুটে যান শহর-নগরে থাকা মানুষজন। ঈদযাত্রায় অতীতেও বিভিন্ন সময় অনেক সমস্যা ছিল। এবার আরও বেশি মাত্রায় হয়েছে। এতে আমরা লজ্জিত। পরিবর্তিত বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল না।
তিনি বলেন, স্বল্প আয়ের মানুষরাই বেশিরভাগ গ্রামে যান। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমান তারা। সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায়, তাহলে ঈদের আনন্দেই ম্লান হয়ে যায়। এটা অমানবিক ও একটা মানবতাবিরোধী অপরাধ।
তিনি আরও বলেন, গোটা জাতির সঙ্গে যা করা করেছে, নিঃসন্দেহে ভালো কাজ করেনি। আমরা এটার নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে আরামদায়ক ও স্বস্তিদায়ক করা। তারা করতে পারেননি, বরং ব্যর্থ হয়েছেন।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের স্মরণ করেন তিনি।
আই/এ