আন্তর্জাতিক

ঈদের সকালে ভয়াবহ হামলায় কেঁপে উঠলো ইরান

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিনেও ইরানে থামেনি হামলা। শনিবার (২১ মার্চ) ভোরে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে একাধিক হামলা চালিয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় ঈদের প্রস্তুতির মধ্যেই তেহরান ও আশপাশের এলাকায় ধারাবাহিক বিমান হামলার খবর পাওয়া যায়। আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি ও মার্কিন বাহিনীর যুদ্ধবিমান থেকে একাধিক স্থানে বোমা হামলা চালানো হয়েছে।

তেহরানের পাশাপাশি শাহরাক-ই মহল্লাতি, শাহরাক-ই পারদিস ও কারাজ এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানি সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, রাজধানীর বিভিন্ন অংশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলীয় একবাতান এলাকা ও অলিম্পিক ভিলেজ এলাকাতেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। একটি বড় বিস্ফোরণের পর পশ্চিম তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য এলাকাতেও হামলার খবর মিলেছে। তেহরানের দক্ষিণে শাহর-ই রে, তাবরিজ ও ইসফাহানেও বিমান হামলার তথ্য পাওয়া গেছে। উত্তর-পশ্চিমাঞ্চলের মাজান্দারান প্রদেশের পার্বত্য এলাকাতেও যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।

তবে এসব হামলায় হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ইরান জানিয়েছে, এরই মধ্যে তারা পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন