দেশজুড়ে

কুড়িগ্রামে গুদাম থেকে বিপুল সরকারি চাল আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে গুদামগুলো নিজেদের হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যরাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্ল্যা মিয়ার গুদাম থেকে এসব চাল আটক করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজি চালের বস্তাসহ স্থানীয় বস্তায় রাখা চালগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৭০০ থেকে ৮০০ বস্তায় অন্তত ২০ মেট্রিক টন চাল সেখানে ছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এসব চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, জনপ্রতিনিধিরা চাল পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন, যার ফলে দরিদ্র মানুষ চাল না পেয়ে ফিরে গেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ইউনিয়নে বরাদ্দকৃত ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফ চাল শতভাগ বিতরণ করা হয়েছে। উদ্ধার হওয়া চাল কোথা থেকে এসেছে, তা তার জানা নেই।

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, উদ্ধার করা চাল সরকারি। এসব চাল আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন