ভোজ্যতেলের দাম বা সংকটে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেয়ার প্রয়োজনীয় পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশে সংঘাতের কারণে সরবরাহে চাপ বা পণ্যের মূল্যবৃদ্ধি হলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সরকার গ্রহণ করবে। দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার রয়েছে।
রোববার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজা শুরুর দিকে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও সরকারের তদারকিতে ব্যবসায়ীরা তা করতে পারেননি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে লাভের চিন্তা না করে ব্যবসা করবেন।
বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।
মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করাই সরকারের কাজ। মানুষের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছে দিলে যে সন্তুষ্টি জনগণ থেকে আসবে, তার অংশীদার হবে ব্যবসায়ীরা।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বশরসহ ব্যবসায়ীরা।
এসি//