আন্তর্জাতিক

আলজাজিরার বিশ্লেষণ

‘ব্যর্থতার হতাশা থেকেই খার্গ দ্বীপে হামলার নির্দেশ দেন ট্রাম্প’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত ক্রমবর্ধমান ব্যর্থতার হতাশা থেকেই ইরানের খার্গ দ্বীপে বোমা হামলার নির্দেশ দিয়েছেন। এমন মন্তব্য করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রবার্ট পেইপ।

শনিবার (১৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

আলজাজিরাকে দেওয়া বক্তব্যে রবার্ট পেইপ বলেন, কোনো নেতার মনের ভেতরের ভাবনা নির্দিষ্টভাবে বোঝা কঠিন, বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে। তবে তার ধারণা, পরিস্থিতি দ্রুত নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেটিকে আবার নিয়ন্ত্রণে আনতেই ট্রাম্প এমন পদক্ষেপ নিয়েছেন।

পেইপ জানান, শুরুতে ট্রাম্পের সামরিক পরিকল্পনাটি দ্রুত ফল পাওয়ার মতো কৌশল বলেই মনে হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনা দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তিনি বলেন, ট্রাম্প প্রথমে ধারণা করেছিলেন যে ইরানের শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে এবং নেতৃত্ব দুর্বল হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা ঘটেনি। এমনকি ট্রাম্প নিজেও পরে স্বীকার করেছেন যে ইরানের নেতৃত্ব প্রত্যাশামতো ধসে পড়েনি।

পেইপের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প বুঝতে পারছেন যে সামরিক পর্যায়ে কিছু অর্জন থাকলেও সামগ্রিক কৌশলগত লক্ষ্য পূরণে তিনি সফল হননি। এ কারণেই তিনি নতুন সামরিক বিকল্প খুঁজে দেখছেন।

তিনি আরও বলেন, খার্গ দ্বীপ দখল বা সেখানে মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়। কারণ এতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সেখানে অবস্থানরত সেনাদের দীর্ঘ সময় সম্ভাব্য বড় ধরনের হামলার ঝুঁকির মধ্যে থাকতে হতে পারে।

পেইপের মতে, কৌশলগত দৃষ্টিকোণ থেকেও এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা সীমিত। বরং এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে, যা বিশ্ববাজারে জ্বালানির দাম আরও বাড়িয়ে দিতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন