আন্তর্জাতিক

যুদ্ধ কতদিন চলবে, বলতে পারছেন না ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হবে, এ বিষয়ে এখনই নির্দিষ্ট সময়সীমা দিতে পারছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। খবর বিবিসি।

যুদ্ধ কতদিন চলতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। তার নিজের একটি ধারণা রয়েছে, তবে তা প্রকাশ করার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। ট্রাম্প জানান, যতদিন প্রয়োজন ততদিন এই যুদ্ধ চলবে এবং ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যদি ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করে তবে যুদ্ধ শেষ হতে পারে। আত্মসমর্পণের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং তাদের অধিকাংশ সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে যাওয়াই সেই অবস্থাকে নির্দেশ করে।

তিনি আরও বলেন, ইরান স্বীকার করুক বা না করুক, যুক্তরাষ্ট্র বর্তমানে এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যা আগে কেউ দেখেনি।

এ সময় তাকে জিজ্ঞেস করা হয়, ইরান নিয়ে তার যুদ্ধের লক্ষ্য কি ইসরাইলি প্রধানমন্ত্রীর লক্ষ্যগুলোর সঙ্গে মিল আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, লক্ষ্য কিছুটা ভিন্ন হতে পারে, তবে নেতানিয়াহু নিজেই স্বীকার করবেন যে যুক্তরাষ্ট্রের মতো শক্তি পৃথিবীতে আর কখনও ছিল না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন