নেত্রকোনায় বজ্রপাতে দুইজন নিহত
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামে রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩)। দুর্গাপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জেলার খালিয়াজুরী নলচিটি হাওরে ও দুর্গাপুরে এ ঘটনা ঘটে। খালিযাজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিরউদ্দিন ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কৃষক সুদিন সরকার শুক্রবার সকালে চাকুয়া গ্রামের কৃষক সুদিন সরকার বাড়ী পাশে নলচিটি হাওড়ে গরু ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেলে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাত থেমে গেলে অন্য কৃষকেরা সুদিনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে খালিয়াজুরী স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় নিহত আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ধানক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, বজ্রপাতে খালিয়াজুরী ও দুর্গাপুরে দুইজন মারা গেছে। জেলা প্রশাসন থেকে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আই/এ