ওমানে ইরানি ড্রোন হামলায় দুই প্রবাসী নিহত
ওমানের উত্তরাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার সময় দুই প্রবাসী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, সোহার শহরের আল আউয়াহি শিল্প এলাকা-তে এ ঘটনা ঘটে। নিহত দুজনই প্রবাসী শ্রমিক ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, সোহার শহরের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত ওমানে নিহতের সংখ্যা ছিল একজন। অন্যদিকে এ সময়ে সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, কুয়েতে ছয়জন, সৌদি আরবে তিনজন এবং বাহরাইনে দুজন নিহত হয়েছেন।
উপসাগরীয় এসব দেশে নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
এমএ//