ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, আহত ৫
ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি চলাকালে বন্ধুরাষ্ট্রের আকাশসীমায় ঘটে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় সম্ভবত দুটি বিমান জড়িত ছিল। ধারণা করা হচ্ছে, কাছাকাছি উড্ডয়নের সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল বা খুব কাছাকাছি কৌশলগত উড্ডয়ন করছিল। তবে দ্বিতীয় বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
কমান্ড আরও জানায়, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের গুলিতে ঘটেনি।
এদিকে পেন্টাগন-এর মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে ইতোমধ্যে সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় ১৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
এর আগে ১ মার্চ ভুলবশত গুলি করে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও ঘটেছিল, যদিও তখন মার্কিন সেনারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই যুদ্ধ নিয়ে জনমত বিভক্ত হয়ে পড়েছে। বিভিন্ন জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধিতা করছেন।
এমএ//