স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায়। ওই দিনই সংসদ সদস্যদের ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।
এর আগে বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদের অধিবেশন ও সংশ্লিষ্ট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
এমএ//