নারী ফুটবলারদের সাদরে বরণ করবে ইরান
অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ শেষ করে দেশে ফেরা ইরানি নারী ফুটবলারদের সাদরে বরণ করে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের পর জাতীয় দলের পাঁচ সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এ বার্তা দেয়া হয়।
মঙ্গলবার (১০ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে খেলোয়াড়দের দেশে ফিরে আসার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি সরাসরি নারী দলের সদস্যদের উদ্দেশে বলেন, “ইরানের নারী ফুটবল দলের প্রতি আহ্বান—আপনারা চিন্তিত হবেন না, ইরান আপনাদের জন্য অপেক্ষা করছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বার্তার কিছুক্ষণ আগেই ইরানের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় থেকেও একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে দলের বাকি সদস্যদের শান্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফেরার আমন্ত্রণ জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রসিকিউটরের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, খেলোয়াড়রা যেন কোনো দ্বিধা ছাড়াই স্বদেশে ফিরতে পারেন এবং তাদের পরিবারের উদ্বেগ দূর হয়—সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত ৩ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত বাজানোর সময় ইরানের ফুটবলারদের নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই নীরব প্রতিবাদের পর তাদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই দলের পাঁচ সদস্য অস্ট্রেলীয় সরকারের কাছে আশ্রয়ের আবেদন করেন এবং অস্ট্রেলিয়া তাদের ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়।
এই প্রেক্ষাপটেই খেলোয়াড়দের আশ্বস্ত করে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইরান সরকার।
সূত্র: আল জাজিরা
এসি//