রাজধানী

রাজধানীতে আবাসিক ভবনে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ মার্চ) ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছেন। এর মধ্যে রুবেলের ৩২ শতাংশ, সোনিয়া আক্তারের ১০০ শতাংশ, রোজার ১৮ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, এনায়েত আলীর ৮৫ শতাংশ, দেলেরা খাতুনের ১৪ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, আয়েশা খাতুনের ১২ শতাংশ এবং আবু কালাম রুবেলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ডা. শাওন বিন রহমান জানান,  যাদের শরীরে দগ্ধের পরিমাণ বেশি, তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিরা বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজনে তাদেরও আইসিইউতে নেওয়া হতে পারে।

রোগীদের হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায়।

তিনি জানান, এনায়েত গ্রাম থেকে পরিবার নিয়ে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে আসেন বেড়াতে। রাত সাড়ে ৩টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে। ওই বাসায় থাকা ১০ জনই দগ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান,  খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। গিজার বা গ্যাসের লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন