আন্তর্জাতিক

ইরানে হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭৭৯ মিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার ৪৯৮ কোটি টাকা) ব্যয় হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সংস্থাটি বিভিন্ন আর্থিক ও সামরিক উপাত্ত বিশ্লেষণ করে এই ব্যয়ের হিসাব প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই খরচ ২০২৬ অর্থবছরের যুক্তরাষ্ট্রের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় শূন্য দশমিক এক শতাংশের সমান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড’এর তথ্য অনুযায়ী, অভিযানে বি-২ স্টেলথ বোমারু বিমান, এফ-২২ র‍্যাপ্টর, এফ-৩৫ লাইটনিং II, এফ-১৬ ফাইটিং ফ্যালকন, এ-১০ থান্ডারবোল্ট II এবং ইএ-১৮জি গ্রাউলার এবং ইএ-১৮জি ইলেকট্রনিক যুদ্ধবিমান  মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এমকিউ-৯ রিপার ড্রোন, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, মিসৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাঁটি থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান টানা উড্ডয়ন করে প্রায় দুই হাজার পাউন্ড ওজনের গাইডেড বোমা ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শুধু বি-২ বিমান পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র ব্যবহারের খরচই আনুমানিক ৩০ দশমিক ২ মিলিয়ন ডলার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এছাড়া এফ-১৮, এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানের একাধিক মিশনে অংশগ্রহণের ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭১ দশমিক ৩৪ মিলিয়ন ডলার। প্রতিবেদনে ব্যবহৃত ব্যয়ের হিসাব ২০২৫ ও ২০২৬ অর্থবছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন