দেশজুড়ে

নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন

কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় একটি গ্যাসপাম্পে ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

এর আগে বুধবার রাত ১০টার দিকে সদ্য নির্মিত এন আলম ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুনের তীব্রতায় পাম্পসংলগ্ন প্রায় ৫০টি বাড়িঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বেশ কিছু ঘরবাড়ি এবং একটি গ্যারেজে রাখা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিদগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন