রাজধানীতে নিজ বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানার হায়দার হোটেলের গলিতে, তাদের বাসার সামনে এ ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিন্তি রাতে তার ছোট ভাই নাবিলকে সঙ্গে নিয়ে নিচে নামেন। কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে স্বজনরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত প্রথমে তাকে শিকদার মেডিকেলে নেয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি হাজারীবাগের বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং দুই ভাইবোনের মধ্যে বড়।
বিন্তির মা নাদিয়া বেগম অভিযোগ করেন, সিয়াম নামে এক যুবক দীর্ঘদিন ধরে মোবাইলে তার মেয়েকে বিরক্ত করছিল। ঘটনার সময় স্থানীয়দের কাছে বিন্তি সিয়ামের নাম উল্লেখ করেছে বলেও তিনি দাবি করেন। তিনি মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের কাঁধ ও পিঠে একাধিক জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসি//