হান্নান মাসউদের আসনে জামানত হারালেন তার বাবা
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেখা গেছে ব্যতিক্রমধর্মী এক প্রতিদ্বন্দ্বিতা। পৃথক রাজনৈতিক দল থেকে নির্বাচন করে শেষ পর্যন্ত নিজের ছেলের কাছেই পরাজিত হয়ে জামানত হারিয়েছেন হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত বেসরকারি ফলাফলে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শাপলা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
অন্যদিকে, একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক পান মাত্র ৫০৫ ভোট। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম (হরিণ) পেয়েছেন ৪ হাজার ৭৮৩ ভোট, তানভীর উদ্দিন রাজিব (ফুটবল) ৩ হাজার ৭৬৪, মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ (হাতপাখা) ২ হাজার ১৭৯, মোহাম্মদ আবদুল মোতালেব (তারা) ১ হাজার ২৩৯ ভোট। এছাড়া এটিএম নাবী উল্যাহ (লাঙ্গল) পেয়েছেন ২৮০, মোহাম্মদ আজহার উদ্দিন (ট্রাক) ১৯১ এবং মোহাম্মদ আবুল হোসেন (ছাতা) পেয়েছেন ৮৬ ভোট।
এমএ//