দেশজুড়ে

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পাঠাপাড়া গ্রামে একটি বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

আহত তিনজন হলেন সদর উপজেলার পাঠাপাড়া গ্রামের মিনহাজ (৫২) ও বজলুর রহমান (২০) এবং রানীহাটির ধুমী গ্রামের মো. শুভ (২০)। বিস্ফোরণে বাড়ির ইটের দেয়াল ধসে গেছে। টিনের চাল উড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বাড়িতে ককটেল তৈরি করা হচ্ছিল। সেখানে ককটেল তৈরির সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ের দুইজন প্রাণ হারান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এছাড়া বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চরবাগডাঙ্গায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা আছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানায় পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন