আজই প্রকাশ হচ্ছে সংসদ নির্বাচনের সরকারি গেজেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হচ্ছে। এবারের নির্বাচনে ভোট পড়েছে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
শুক্রবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফল পর্যালোচনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে যে, মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
সিনিয়র সচিব আরও জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল স্বাভাবিক। কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রস্তুত হওয়ায় সেগুলোর সরকারি গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুই আসনের ফলাফল সংক্রান্ত আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কি না—সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।
এমএ//