নির্বাচনী দায়িত্ব শেষে বাড়ি ফেরা হলো না আনসার সদস্যের
চট্টগ্রামে নির্বাচনি দায়িত্ব শেষ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সদস্যের নাম আব্দুল জব্বার। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা এবং পতেঙ্গাস্থ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন। অঙ্গীভূত আনসার সদস্য হিসেবে নির্বাচনি দায়িত্ব পালন করছিলেন তিনি।
উপপরিচালক মো. আশিকউজ্জামান জানান, ২৩ জন আনসার সদস্য বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। ঘটনাস্থলেই আব্দুল জব্বার নিহত হন। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম বিএনএস হাসপাতালের আইসিইউতে, সাতজনকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
এসি//