আইন-বিচার

শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় নতুন ধাপ শুরু হচ্ছে আজ। রোববার (০৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শুনানির শুরুতেই মামলার সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য প্রদান করা হবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য দেওয়ার কথাও রয়েছে।

গত ১৪ জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি নির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ দিনটিকে সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাইয়ের ঘটনা। ওই রাতে গাজীপুরের পুবাইলে তার উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার দায় তার ওপর বর্তায়। তৃতীয় অভিযোগেও একই ধরনের ঘটনায় আরও ৫০ জনকে হত্যার তথ্য উল্লেখ রয়েছে।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেন আদালত। পরবর্তী ধারাবাহিকতায় ২৩ ডিসেম্বর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন