বিএনপি

তারেক রহমানের পক্ষে গণসংযোগে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা থেকে তিনি গণসংযোগের সূচনা করেন। গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান জাইমা রহমান। পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিং মলে আসা ভোটারদের হাতে তিনি নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ চলাকালে তিনি গুলশানের কিছু অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন। এক বেসরকারি ব্যাংকের ভেতরে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”

এছাড়া, গণসংযোগে তিনি পরিবেশবান্ধব বীজ বিতরণ করেন। এসব বীজ লিফলেট মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে, যা নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে নেয়া উদ্যোগ বলে জানান তিনি।

জাইমা রহমানের সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে ছিলেন।

গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালীন সময়ে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন