ক্ষমতায় গেলে আইনের প্রয়োগে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের প্রয়োগে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী—কেউই ছাড় পাবেন না।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আর সি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নানা নির্যাতনের মুখেও দেশের দুর্যোগপূর্ণ সময়ে জামায়াতে ইসলামী মানুষের পাশে থেকেছে। ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল মানুষকে মামলায় জড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। তবে সারা দেশে জামায়াত মাত্র আটটি মামলা করেছে এবং সেগুলোও প্রমাণের ভিত্তিতে করা হয়েছে।
তিনি দাবি করেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজিতে জড়িত নয়। ৫ আগস্টের পর টানা ১৫ দিন তারা জনগণের নিরাপত্তায় পাহারাদারের ভূমিকা পালন করেছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, তাদের দল ক্ষমতায় এলে বিচার ব্যবস্থায় বৈষম্য থাকবে না এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটি ‘পতিত দল’ দেশ থেকে বিপুল অর্থ পাচার করে অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। এতে দেশের ব্যাংকিং খাত অস্তিত্ব সংকটে পড়েছে। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
ভোলা জেলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইনসাফ মানে যার প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া। ভোলা বাংলাদেশেরই অংশ, ক্ষমতায় গেলে জেলার ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা হবে।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের নিয়ে উচ্ছৃঙ্খল মন্তব্যের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ দায় তার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেন, যে অপরাধ তিনি করেননি, তার দায় জনগণ তার ওপর চাপাবে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা নিজেদের দলই সামলাতে পারে না, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। দেশের মানুষ একটি নতুন ব্যবস্থার প্রত্যাশায় আছে এবং ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াত আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর প্রমুখ।
এমএ//