আশুলিয়া হত্যাকাণ্ড: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনকে মৃত্যুদণ্ড
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিচারিক প্যানেল সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। একই সঙ্গে অন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এবং খালাস পেয়েছেন একজন।
রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি’র তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক এবং কনস্টেবল মুকুল। তবে সাবেক এমপি সাইফুলসহ আরও আটজন পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে আছেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতা।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় গত বছরের ২১ আগস্ট। শুনানির সময় উপস্থিত আট আসামির সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করে আদালতে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়ায় আদালত তাকে এ মামলা থেকে খালাস করে দিয়েছেন।
এ সময় প্রসিকিউশন ৩১৩ পৃষ্ঠা তথ্য ও ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণাদি এবং দুটি পেনড্রাইভ আদালতে উপস্থাপন করে।
এ ঘটনায় শহীদ হন সাতজন—সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।
গত ১ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। তার আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ বিভিন্ন দিন যুক্তিতর্ক উপস্থাপন করে। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আর আসামিপক্ষের হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ও এস. এম. মিরাজুল আলম আজমান।
এসি//