জাতীয়

রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি করবে সরকার

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ জনগণ যাতে সহজে দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর মাসব্যাপী সুলভ মূল্যে প্রাণিজ পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার (০৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানকে সামনে রেখে মাংস, ডিম ও দুধের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আলোচনার পর সিদ্ধান্ত হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সরকারি উদ্যোগে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হবে।

বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে—ড্রেসড ব্রয়লারের মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা।

সভায় আরও সিদ্ধান্ত হয়, জেলা ও বিভাগীয় শহরগুলিতেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিভাগীয় পরিচালকরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন।

ঢাকা ও সিটি করপোরেশন এলাকায় প্রাথমিকভাবে ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু হবে। নির্বাচিত স্থানগুলো হলো—সচিবালয়ের পাশে (আব্দুল গনি রোড), খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন, নয়াবাজার (পুরান ঢাকা), উত্তরা হাউজ বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ (মতিঝিল), কালশী (মিরপুর), মানিক নগর গলির মুখ (যাত্রাবাড়ী), শাহজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী), কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণ), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচা বাজার), মোহাম্মদপুর (বাবর রোড ও বসিলা), কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও এবং পুরান ঢাকা (বঙ্গবাজার)।

এছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশগ্রহণকারীর সঙ্গে সমন্বয় করে বিক্রয় কেন্দ্রের সংখ্যা ধাপে ধাপে বৃদ্ধি করার পরিকল্পনাও নেয়া হয়েছে। এর মাধ্যমে রমজান মাসে ভোক্তাদের সহজে এবং সুলভ মূল্যে প্রাণিজ পণ্য পৌঁছে দেয়া সম্ভব হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন