জাতীয়

জাতীয় ঐক্যের পথে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে, তখন একটি মহল নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা না করে কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত। সরকার যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চায়, সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, যা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও কোনো কোনো মহল বিতর্ক তৈরির চেষ্টা করছে। গণতন্ত্রকামী সব মানুষের পক্ষ থেকে তিনি এ ধরনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় সংসদে পাঠিয়েছেন। সেখানে আলোচনা ও বিতর্কের মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের কল্যাণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। যারা সরকারকে ভোট দিয়েছেন, তাদের পাশাপাশি যারা ভোট দেননি, সরকার তাদেরও সেবা করতে চায়।

দেশের সব অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে রংপুর মহানগরের উন্নয়নে দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি সভায় এক হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় জেলা পরিষদকে কাজে লাগিয়ে রংপুরের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের মানুষের প্রয়োজন অনুযায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। স্থানীয় মানুষের চাহিদা বিবেচনায় সেতু, কালভার্ট, স্কুল ও কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো পর্যায়ক্রমে নির্মাণ করা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যেন প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে সরকার কাজ করতে চায়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্ম ও মতের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারলেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। এ জন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান #প্রধানমন্ত্রী