ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির আদালত। তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছিল।
শনিবার (১৭ অক্টোবর) দক্ষিণ-পূর্ব দিল্লির বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এ পরোয়ানা জারি করেন। আইনবিষয়ক সংবাদমাধ্যম বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আদালতের সমন পৌঁছে দিতে গিয়ে রাঠির বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। বিষয়টি আদালতকে জানানোর পর নতুন করে পরোয়ানা জারি করা হয়।
মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩১ অক্টোবর। তবে এ বিষয়ে আদালতের বিস্তারিত আদেশ এখনও প্রকাশিত হয়নি।
‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সংস্কৃত্যায়ন নামের এক ব্যক্তি রাঠির বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়েছে, ভিডিওতে বাদীকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছিল এবং তা প্রকাশ ও প্রচার করেন রাঠি। তবে এসব অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।
এর আগে চলতি সপ্তাহে মামলার শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করা হলে আদালত রাঠির বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দেন।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালেই প্রথমবার রাঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। গেল ১২ অক্টোবর জারি করা নতুন সমন হরিয়ানার গুরুগ্রামে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএ//