নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক ক্রিলের ব্যাগ চুরির ঘটনায় তা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত থেকেই এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশ জানায়, স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে শনাক্ত করা হয়েছে। ফুটেজে দেখা যায়, হলুদ কটি পরা ওই যুবক কৌশলে জার্মান নাগরিক ক্রিলের সঙ্গে সখ্যতা তৈরি করেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে নিয়ে চলে যান তিনি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ‘খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। ইতোমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।’
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এমএ//