যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালালে ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজে হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার (২৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিকবিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি এ হুমকি দেন।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে মোহাম্মাদি প্রশ্ন তোলেন, ওয়াশিংটন যদি সত্যিই এ জলপথকে নিজেদের নিয়ন্ত্রণাধীন মনে করে, তাহলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ নেই কেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের দাবি করে, তাহলে সেখানে তাদের একটি যুদ্ধজাহাজ পাঠানো উচিত।
মোহাম্মাদি আরও বলেন, নতুন করে সংঘাত শুরু হলে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে। এমন হামলা শুধু হরমুজ প্রণালিতে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে ভারত মহাসাগর পর্যন্ত এর পরিধি বিস্তৃত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এমএ//