জাতীয়

বিশ্ববাজার স্থিতিশীল হলে দেশে কমতে পারে জ্বালানি তেলের দাম: জ্বালানি প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিস্থিতি অনুকূলে এলে আগের নির্ধারিত দামের চেয়েও কম দামে জ্বালানি বিক্রির সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকায় দেশের বাজারের সঙ্গে সমন্বয় করেই দাম বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল কিনতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এই বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ আসে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ থেকে। সেই অর্থে কেনা জ্বালানি তেল যাতে পাচার হয়ে অন্য দেশে চলে না যায়, দাম নির্ধারণের ক্ষেত্রে সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানি সংকটের প্রভাব এখন বিশ্বজুড়েই রয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে আন্তর্জাতিক বাজারেও স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে। তখন দেশের বাজারে জ্বালানি তেলের দাম আবারও সমন্বয় করা হবে। সুযোগ তৈরি হলে আগের দামের চেয়েও কম দামে জ্বালানি বিক্রি করা হতে পারে।

এদিকে বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সেচের সুবিধা নিশ্চিত করতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর গুরুত্ব দিচ্ছে।

ভবিষ্যতে কৃষকদের সেচে কম খরচে বিদ্যুৎ দিতে সৌরবিদ্যুৎভিত্তিক ব্যবস্থা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে কৃষকের সেচ খরচ কমার পাশাপাশি প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপও কমবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আযম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জ্বালানি তেলের দাম #অনিন্দ্য ইসলাম অমিত