আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ দিনের মতো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তেলের দাম।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড পশ্চিম টেক্সাস মধ্যবর্তী তেলের দাম কমেছে ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ। ফলে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ০১ ডলারে।

তেলের দাম কমার পেছনে বড় একটি কারণ হিসেবে কাজ করছে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

নিউইয়র্কে ওই আলোচনা অনুষ্ঠিত হওয়ার পর প্রায় সাত মাস ধরে চলা সংঘাতের অবসান নিয়ে বাজারে আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়।

এদিকে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও কিছুটা কমেছে। গত ১১ সেপ্টেম্বর ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দিয়েছিল সৌদি আরব।

হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পাইপলাইন দিয়ে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব। মঙ্গলবার এটি আবার চালু করা হয়।

এর পাশাপাশি ইরাক থেকেও অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ছে।

দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, ইরাকের তেল রপ্তানি দৈনিক ৩০ লাখ ব্যারেল ছাড়িয়েছে। তুরস্কের মাধ্যমে রপ্তানির পরিমাণ দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি মজুত বৃদ্ধিও তেলের বাজারে দাম কমার চাপ বাড়িয়েছে। ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত ১৮ লাখ ব্যারেল বেড়েছে। ফলে সরবরাহ বাড়ার পাশাপাশি চাহিদা নিয়ে উদ্বেগও বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি করেছে।

সূত্র: রয়টার্স

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #জ্বালানি সরবরাহ #বিশ্ববাজার