পবিত্র মক্কা নগরীকে ইয়েমেনে নিজেদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে সৌদি আরব ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন হুতি নেতা আবদেল মালেক আল-হুতি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সানায় প্রায় এক ঘণ্টার ভাষণে সৌদি আরবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন আল-হুতি। তার বক্তব্যের বড় অংশজুড়ে ছিল মক্কাকে ঘিরে সৌদি আরবের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা।
এর আগে সৌদি আরব দাবি করে, হুতিরা মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, মক্কার নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আল-হুতি। মুসলিম বিশ্বের প্রতি ইয়েমেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সৌদি আরব মক্কার পবিত্রতার বিষয়টিকে নিজেদের রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণে ব্যবহার করছে।
তিনি দাবি করেন, সৌদি আরবের সামরিক কর্মকাণ্ডের কারণেই ইয়েমেন আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হয়েছে। বর্তমানে হুতিদের সামরিক তৎপরতাকেও তিনি সৌদি আরবের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, সৌদি আরবের হয়ে সামরিক অভিযান পরিচালনা এবং দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রভাব রয়েছে।
তবে আল-হুতির এসব অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমএ//