আইন-বিচার

অনলাইন প্রতারণার মামলায় ৬৩ বিদেশি ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিসি) তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজীব কান্তি দে বিষয়টি নিশ্চিত করেন।

গেল ৫ সেপ্টেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে নগরের দক্ষিণ খুলশীর ২ নম্বর সড়কে স্টেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে কুরিয়ার সার্ভিসে বুকিং থাকা মালামাল তল্লাশি করে দুটি পলিব্যাগ থেকে ১১৮ গ্রাম কোকেন জব্দ করা হয়। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।

কোকেনের চালান আটকের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন গোয়েন্দারা। পাঁচ দিন গোয়েন্দা তথ্য সংগ্রহের পর থানা-পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিট, এলআইসি শাখা, র‍্যাবসহ বিভিন্ন জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পান।

ওই ভবনে অভিযান চালিয়ে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। একইসাথে ভবনের প্রতিটি তলায় তৈরি করা সার্ভার স্টেশনে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত কোন বিদেশি নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট পাওয়া যায়নি। পরে পুলিশ তাদের সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #চট্টগ্রাম #বিদেশি #প্রতারক চক্র #রিমান্ড