আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত থামিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিং জানিয়েছে, এ উদ্যোগে ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রস্তাবের কথা জানান।

শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চীনা প্রেসিডেন্ট বলেন, চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। একই সঙ্গে এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেরও পরিপন্থী।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। চলমান যুদ্ধের কারণে পুরো অঞ্চলের মানুষের ওপর এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। 

চীনের মতে, যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রসঙ্গত, নয়াদিল্লিতে চলমান ব্রিকস সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই বেইজিংয়ের পক্ষ থেকে এ মধ্যস্থতার প্রস্তাব এলো। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #চীন