আন্তর্জাতিক

নাইন-ইলেভেন হামলার ২৫ বছর আজ

ছবি: সংগৃহীত

আজ ১১ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্ণ হলো। ২০০১ সালের এই দিনে ছিনতাই করা চারটি যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রে একের পর এক হামলা চালানো হয়। এর মধ্যে দুটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এবং একটি ওয়াশিংটনের পেন্টাগনে আঘাত হানে। আর চতুর্থ উড়োজাহাজটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়।

সেদিন সকালে ছিনতাই করা আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১১ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫ নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে আঘাত করে। এতে ভবন দুটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময় পরই ধসে পড়ে টুইন টাওয়ার।

হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, পেন্টাগনে আঘাত হানা উড়োজাহাজে থাকা সবাই এবং ভবনের ভেতরের বহু মানুষ প্রাণ হারান। চতুর্থ উড়োজাহাজটি যাত্রীদের প্রতিরোধের পর পেনসিলভানিয়ার একটি এলাকায় বিধ্বস্ত হয়।

সব মিলিয়ে ওই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার ও তল্লাশি চালাতে গিয়ে বহু দমকলকর্মী, পুলিশ সদস্য ও উদ্ধারকর্মীও প্রাণ হারান।

৯/১১ হামলার জন্য আল-কায়েদা ও সংগঠনটির তৎকালীন নেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর দেশটি সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে এবং আফগানিস্তানে তালেবানবিরোধী সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে এই হামলার প্রভাব যুক্তরাষ্ট্রের নিরাপত্তানীতি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব ভূরাজনীতিতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রতি বছর ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হামলায় নিহতদের স্মরণ করা হয়। নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় নিহতদের। দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও ৯/১১-এর সেই দিনটি এখনো বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের ভয়াবহতার অন্যতম প্রতীক হয়ে আছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #৯/১১ #নাইন-ইলেভেন