দেশজুড়ে

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত,চোরাইভাবে সার বিক্রি ও সিন্ডিকেট বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে কৃষকরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফকিরের তকেয়া মোড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন কৃষকরা লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কৃষকরা বলেন, বর্তমানে আমন মৌসুমে চাহিদা অনুযায়ী মাঠপর্যায়ে সার পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ডিলারদের কাছে ঘুরেও সার না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। টেলিভিশন ও সংসদে বলা হচ্ছে দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার মজুত রয়েছে। তাহলে মাঠপর্যায়ে কৃষকরা কেন সার পাচ্ছেন না? সার যাচ্ছে কোথায়?

কৃষকদের অভিযোগ, অসাধু ডিলার ও পাইকারি ব্যবসায়ীদের গড়ে তোলা কৃত্রিম সিন্ডিকেটের কারণে বাজারে সারের সংকট তৈরি হয়েছে।

কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে গতকাল অভিযান চালিয়ে সারের অবৈধ মজুত ও চড়া দামে বিক্রির দায়ে বিএনপি নেতা আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মনোনিতা দাস বলেন, জেলায় সারের প্রাতিষ্ঠানিক কোনো সংকট নেই। সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত রয়েছে। কোনো ডিলার বা ব্যবসায়ী সার আটকে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লালমনিরহাট #সার