ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ আরও অন্তত ছয় মাস স্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেটা। সোমবার (০৭ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।
পানেটা বলেন, ইরাক ও আফগানিস্তানের মতো ইরানকে ঘিরে চলমান সংঘাতও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ব্যর্থ মধ্যপ্রাচ্যীয় যুদ্ধে পরিণত হতে পারে। কোনো কার্যকর সমাধান ছাড়াই যুদ্ধ আরও ছয় মাস গড়ানোর আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার মতে, এমন পরিস্থিতি সংঘাতকে অনির্দিষ্টকাল ধরে চলতে থাকা যুদ্ধে রূপ দিতে পারে।
সাবেক এই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সামরিক অচলাবস্থার মধ্যে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোও ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নিজেকে এবং তার স্বার্থকে কার্যকরভাবে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কতটা সক্ষম, সে বিষয়েও দুর্বলতার ধারণা তৈরি হচ্ছে।
হরমুজ প্রণালীকে ঘিরে চলমান অচলাবস্থার প্রসঙ্গ টেনে পানেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও সমালোচনা করেন।
তিনি বলেন, ট্রাম্প বারবার বিজয়ের দাবি করলেও বাস্তব পরিস্থিতি সেই দাবিকে সমর্থন করছে না। এতে প্রেসিডেন্ট হিসেবে তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানেটা আরও বলেন, ট্রাম্প এখন যতই হুমকি বা সতর্কবার্তা দেন না কেন, সেগুলো আগের মতো গুরুত্ব পাচ্ছে না; বরং অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এসি//