আন্তর্জাতিক

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমানে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি পণ্যবাহী বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে ছেড়ে এসেছিল বিমানটি।

বিমানবন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সীমানার বাইরে চলে যায় বিমানটি। এরপর কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের পরপরই বিমানে আগুন ধরে যায়। মুহূর্তেই ঘটনাস্থল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজন আহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ করে দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটনে স্থানীয় প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #অ্যামাজন #মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর #দুর্ঘটনা #নিহত