যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মধ্যেও ইরানের সরকার ও জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশের ভেতরে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা জাতীয় ঐক্যের মাধ্যমে ব্যর্থ করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
ইরান সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে গেল মাসে দেশটির বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ইতিহাসে এটিকে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে এসব চাপের কারণে ইরান সরকার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না বলে জানিয়েছেন পেজেশকিয়ান।
গেল শুক্রবার (০৪ সেপ্টেম্বর) কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে শত্রুরা দেশের ভেতরে বিভেদ, ফাটল ও অস্থিরতা সৃষ্টি করতে চায়।”
পেজেশকিয়ান বলেন, জাতীয় ঐক্য বজায় থাকলে দেশের ভেতরে বিভেদ তৈরির যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করা সম্ভব। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখেও সরকার ও জনগণ একসঙ্গে থাকবে বলেও তিনি জানান।