সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মোমিন ওরফে বড় গ্যাদাকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল মোমিন সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার বাসিন্দা আব্দুস সবুরের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দেওয়ার জন্য আব্দুল মোমিনকে কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে আদালতের হাজতখানায় নেওয়া হয়। বেলা ১১টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানায় থাকা অবস্থায় তিনি পুলিশকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যান। পরে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর থেকেই তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। অবশেষে শনিবার দুপুরে ছাতিয়ানতলি বাজারসংলগ্ন একটি গ্রামে তার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. রাকিবুল হাসান জানান, সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারের পর আব্দুল মোমিনকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়েছে।
আর/আই