ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। সেখানে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন বলে জানা গেছে। একপর্যায়ে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি হত্যাকাণ্ড হতে পারে।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএ//