প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুর থেকে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। সিফাত গাজীপুর মহানগরীর (৩৮ নম্বর ওয়ার্ড) টিনের মসজিদ এলাকার মো. সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে উপস্থাপন করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী।
তিনি বলেন, ‘সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
ওসি গোলাম রাব্বানী বলেন, তার বিদ্যুৎ বিল নিয়ে কোনও সমস্যা বা জটিলতা ছিল কি না, বিষয়টি এখনো যাচাই করা হয়নি। তবে পুলিশের কাছে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’
পুলিশ জানিয়েছে, সিফাত বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। এর মধ্যে বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে অশালীন ও অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নজরে এলে তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আই/এ