দেশজুড়ে

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কিচক বড় ব্রিজের পূর্বপাশের হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত ফিরোজা বেগমকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

জানা গেছে, ঢাকা থেকে জয়পুরহাটের কালাইয়ে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর গাড়িটি হরিপুর এলাকায় পৌঁছালে ফিরোজা রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়ক থেকে ছিটকে ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর পথচারী ও স্থানীয়রা প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং গাড়ির চালককে উদ্ধার করেন। প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। গাড়ির চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে কালাই পৌর শহরের তার বাড়িতে নেওয়া হয়। তিনি জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে যাচ্ছিলেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

দুর্ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেয়েছেন। গাড়িটি সড়ক থেকে ছিটকে ফসলের মাঠে গিয়ে থেমে যায়। এতে তার হাঁটু ও দুই পায় আঘাত প্রাপ্ত হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #আব্দুল বারী #জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী