আন্তর্জাতিক

মার্কিন হামলার জবাবে কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভোরে হামলার সময় কুয়েতের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনাকে ‘নির্লজ্জ ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মিত্র বাহরাইন ও জর্ডানও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশ হামলা প্রতিহত করার কথা জানিয়েছিল।

নতুন এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। এর আগে রোববার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির একটি দ্বীপে ইরানের রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ওই ব্যবস্থা ব্যবহার করে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল ইরান।

এদিকে কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, এ হামলা কুয়েতের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবারের হামলা কুয়েতের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। একই সঙ্গে এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য নতুন করে ঝুঁকি তৈরি হচ্ছে।

দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার কুয়েত সংরক্ষণ করে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

সূত্র: এপি

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #ইরান #কুয়েত