রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নম্বর ৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বনানী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং অতীতে কোনো অপরাধে তাদের সম্পৃক্ততা ছিল কি না- এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এআর//